ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমিয়েছে সরকার। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে এক হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এ সিলিন্ডারের দাম এক হাজার ৪৫০ টাকা ছিল।
রোববার এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকরের ঘোষণা দেয়া হয়েছে।
বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। এসময় কমিশনের সদস্য (অর্থ, প্রশাসন ও আইন) মো. আব্দুর রাজ্জাক, সদস্য (গ্যাস) মো. মিজানুর রহমান, সদস্য (পেট্রোলিয়াম) ড. সৈয়দা সুলতানা রাজিয়া এবং সদস্য (বিদ্যুৎ) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।
নতুন দাম ঘোষণা করে জালাল আহমেদ বলেন, সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৪৯১ টাকা, ১৫ কেজির দাম ১৭৮৯ টাকা, ১৬ কেজির দাম ১৯০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও ১৮ কেজির সিলিন্ডারের দাম ২১৪৬ টাকা, ২০ কেজির দাম ২৩৮৫ টাকা, ২২ কেজির দাম ২৬২৩ টাকা, ২৫ কেজির দাম ২৯৮১ টাকা, ৩০ কেজির দাম ৩৫৭৭ টাকা, ৩৩ কেজির দাম ৩৯৩৫ টাকা, ৩৫ কেজির দাম ৪১৭৩ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের ৫৩৬৬ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

