তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে এর দাম ছিল ১ হাজার ৪৭৮ টাকা। চলতি মার্চ মাসের জন্য ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মূল্যহার ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। এদিন সন্ধ্যা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানান তিনি। এ সময় সংস্থাটির সদস্য মো. আবদুর রাজ্জাক, মো. মিজানুর রহমান, ড. সৈয়দা সুলতানা রাজিয়া ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।
নতুন মূল্যহারে বলা হয়েছে, ৫.৫ কেজি সিলিন্ডারে দাম ৬৬৪ টাকা, ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা, ১২.৫ কেজির দাম ১ হাজার ৫১০ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৮১২ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৯৩৩ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ১৭৫ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৪১৬ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৬৫৮ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ২০ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৬২৪ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ৯৮৭ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ২২৮ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের ৫ হাজার ৪৩৬ টাকা।
বিইআরসি চেয়ারম্যান বলেন, প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। ওই মূল্যের সঙ্গে ডলারের বিনিময় হার ধরে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। কোনো পর্যায়ে কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কেউ এলপিজি ও অটোগ্যাস বিক্রয় করতে পারবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

