আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাজেট প্রস্তাব এফবিআইয়ের কাছে পাঠানোর অনুরোধ

অর্থনৈতিক রিপোর্টার

বাজেট প্রস্তাব এফবিআইয়ের কাছে পাঠানোর অনুরোধ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কাছে লিখিতভাবে আগামী ১৫ মার্চের মধ্যে পাঠানোর অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

একই সঙ্গে প্রস্তাবের আরেকটি সফটকপি (NikoshBAN) ই-মেইলঃ nbrbudget2026@gmail.com এর মাধমে জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও ন্যায়সম্মত বাজেট প্রণয়নে বরাবরই সর্বস্তরের করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহ্বান এবং তাদের সঙ্গে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করে আসছে।

আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রম অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী।

সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য একটি অংশীদারিত্বমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব, একই সঙ্গে রাজস্ব সম্ভাবনাময় বাজেট প্রণয়ন করা সম্ভব হবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশা করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন