আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রপ্তানিমুখী শিল্পে বেতন পরিশোধে বিশেষ ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

রপ্তানিমুখী শিল্পে বেতন পরিশোধে বিশেষ ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

দেশের রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে বিশেষ ঋণসুবিধা চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার জারি করা এক সার্কুলারের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যাবসায়িক পরিবেশে বিঘ্ন, জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য ব্যয়ের চাপের কারণে অনেক রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে ও শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধে সমস্যায় পড়ছে। এ পরিস্থিতিতে উৎপাদন সক্ষমতা ও রপ্তানি প্রবাহ সচল রাখতে আর্থিক সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

নির্দেশনা অনুযায়ী, রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য চলতি মূলধন ঋণসীমার বাইরে গ্রাহকের সক্ষমতা বিবেচনায় মেয়াদি ঋণসুবিধা দেওয়া যাবে। ঋণের পরিমাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিগত তিন মাসে দেওয়া গড় বেতন-ভাতার বেশি হবে না।

এতে আরো বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান মোট উৎপাদনের কমপক্ষে ৮০ শতাংশ রপ্তানি করে, সেগুলোকে রপ্তানিমুখী শিল্প হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি, নভেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত নিয়মিত বেতন পরিশোধ করেছে—এমন প্রতিষ্ঠানকে সচল ধরা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠনের প্রত্যয়ন থাকতে হবে।

এছাড়া ঋণের বিপরীতে বাজারভিত্তিক প্রচলিত সুদহার প্রযোজ্য হবে। তবে নির্ধারিত সুদের বাইরে কোনো অতিরিক্ত সুদ, মুনাফা, ফি বা চার্জ আরোপ করা যাবে না। ঋণ সর্বোচ্চ এক বছর মেয়াদি হবে। এর মধ্যে তিন মাসের গ্রেস পিরিয়ডসহ মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধযোগ্য হবে।

তাছাড়া তফসিলি ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীদের ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে সরাসরি বেতন-ভাতার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...