বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানিকৃত কোটি কোটি টাকার সুতা, কাঁচামাল ও কেমিক্যালের হিসাব গরমিলের ঘটনায় নারায়ণগঞ্জের ৬ টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল রাজস্ব ফাঁকি উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ৬টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান পরিচালনা করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কাস্টমস গোয়েন্দার একাধিক প্রিভেন্টিভ টিমের এই অভিযানে সংশ্লিষ্ট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সহায়তা নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানগুলো বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানিকৃত সুতা, কাঁচামাল ও কেমিক্যাল উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে খোলাবাজারে বিক্রি বা সরবরাহ করে আসছিল। এর মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির ঘটনা ঘটেছে। অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর গুদামে মজুত সুতা, ফেব্রিক্স, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের প্রকৃত পরিমাণের সঙ্গে সংশ্লিষ্ট স্টক রেজিস্টারে তথ্যের ব্যাপক অসংগতি পাওয়া যায়।

পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডের থেকে আমদানি-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ৬টি প্রতিষ্ঠানে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকা শুল্ক-কর ফাঁকির প্রাথমিক সত্যতা উদ্ঘাটন করা হয়।
শুল্কযে ৬ প্রতিষ্ঠানে শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে, সেগুলো হলো—
১. সিম ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ — প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা।
২. জাহিন নীটওয়্যার্স লিমিটেড, বন্দর, নারায়ণগঞ্জ — প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা।
৩. সানজানা ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ — প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা।
৪. বোনাফাইড নিটিং মিলস লিমিটেড, আড়াইহাজার, নারায়ণগঞ্জ — প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা।
৫. মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ — প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা।
৬. জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড, বন্দর, নারায়ণগঞ্জ — প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা।
বন্ড সুবিধার আড়ালে রাজস্ব ফাঁকির আশঙ্কা
বন্ড সুবিধার মূল উদ্দেশ্য হলো রপ্তানিমুখী শিল্পকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক রাখা। তবে এ সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানির পরিবর্তে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে, শুল্ক-কর পরিশোধ করে যেসব প্রতিষ্ঠান বৈধভাবে ব্যবসা পরিচালনা করে, তারা অসম প্রতিযোগিতার মুখে পড়েন। কমে যায় শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানির প্রবণতা।
কাস্টমস গোয়েন্দার অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সের ঘাটতি এবং অন্য কয়েকটি প্রতিষ্ঠানে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত মজুত পাওয়া গেছে। এসব অসংগতি বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকির গুরুতর ঝুঁকি নির্দেশ করে।
চূড়ান্ত তদন্তে আরও অনিয়ম উদ্ঘাটনের সম্ভাবনা
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুত ও ব্যবহারসংক্রান্ত প্রয়োজনীয় দলিলাদি জব্দ করা হয়েছে। এসব তথ্যের অধিকতর যাচাই-বাছাই ও বিশ্লেষণ কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে উদ্ঘাটিত ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে আরও বাড়তে পারে। তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণপূর্বক সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আশা প্রকাশ করেছে যে, বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধ পণ্য সরবরাহ এবং রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল ও পণ্য আমদানির প্রবণতা বাড়বে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



