অনেকে আমাদের অথর্ব বলেন, এতে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়: অর্থ উপদেষ্টা

অনেকে আমাদের অথর্ব বলেন, এতে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অনেকে আমাদের সমালোচনা করেন, অথর্ব বলেন। সমালোচনা করবেন, ঠিক আছে। তবে বাইরে এসব ভালো ইম্প্রেশন দেয় না। ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

শুক্রবার রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের জাতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বাজেটে আইএমএফ যেভাবে চেয়েছে সেভাবে হয়নি উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ যেটা চেয়েছিল, সেটা এবার চাপিয়ে দিতে পারেনি। আমরা একটা সমাধানে পৌঁছেছি। তা ছাড়া নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছি।

আসন্ন বাজেট নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, অনেক ধরনের কর ছাড়ের কথা বলা হয়েছে। বাজেটের পর দিন এসব নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। তবে সাধারণ মানুষ বা সামাজিক পছন্দ ঠিক করাটা সহজ নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী প্রমুখ।

এবারের আয়োজনে সারা দেশের ২০ হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত জাতীয় পর্যায়ের পাঁচজনকে পুরস্কৃত করা হয়। এই পাঁচজন আজারবাইজানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইকোনমিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন