১২ কেজি ওজনের এলপিজির সিলিন্ডারের দাম কমেছে ২৮ টাকা। বর্তমানে সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০৩ টাকা। গত মাসে এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪৩১ টাকা।
সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলন করে এ নতুন দাম ঘোষণা করেন। সন্ধ্যা ছয়টা থেকে নতুন দাম কার্যকর হবে।
বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাট) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৬ টাকা ৯৪ পয়সা। গত মাসে তা ছিল ১১৯ টাকা ২৪ পয়সা। অর্থাৎ, এ মাসে দাম কেজিতে কমেছে ২ টাকা ৩০ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।
সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা, যা আগে ছিল ৬৫ টাকা ৫৭ পয়সা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

