আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২০২৫-২৬ করবর্ষ

শুন্য রিটার্ন দাখিল করেছেন ৫৫ শতাংশ করদাতা

অর্থনৈতিক রিপোর্টার

শুন্য রিটার্ন দাখিল করেছেন ৫৫ শতাংশ করদাতা

চলতি ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছে। এরমধ্যে ২২ লাখ করদাতা শুন্য রিটার্ন দাখিল করেছেন। অর্থাৎ করযোগ্য সীমার নীচে আয় দেখিয়েছেন তারা।

শুন্য রিটার্ন দাখিল করা পুরুষ করদাতার সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ৬৩০ ও নারী করদাতার সংখ্যা ৭ লাখ ৬৫ হাজার ১৯৭ জন। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সাধারণ করদাতাদের জন্য বর্তমানে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত রাখা হয়েছে। তবে নারী ও ৬৫ বছরের বেশি করদাতার জন্য কর মুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা। তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের জন্য এ সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা।

তবে করমুক্ত সীমায় আয় করলেও ২৪ ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে করমুক্ত আয় হওয়া সত্ত্বেও অনেককেই রিটার্ন দাখিল করতে হয়। তবে করসীমার মধ্যে আয় হওয়া সত্ত্বেও অনেকে জিরো রিটার্ন দাখিল করেন বলে অভিযোগ রয়েছে। এনবিআরের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে আয় কম দেখিয়ে জিরো রিটার্ন দাখিলকারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশয়ারি উচ্চারণ করা হয়েছে।

এনবিআর সংশ্লিষ্টরা জানান, বিগত সময়ে ৭০ শতাংশ পর্যন্ত জিরো রিটার্ন দাখিলের নজির রয়েছে। এ হিসাবে চলতি করবর্ষে জিরো রিটার্ন দাখিলের প্রবণতা কমেছে।

এনবিআরের তথ্যানুযায়ী, ৫ লাখ টাকার বেশি কিন্তু ১০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন ও নারী করদাতার সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৮৩৭ জন। ১০ লাখ টাকার বেশি কিন্তু ২০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৯৮৩ জন ও নারী করদাতার সংখ্যা ৪৭ হাজার ৫৩২ জন। ২০ লাখ টাকার বেশি কিন্তু ৪০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ৫৪ হাজার ২১২ জন ও নারী করদাতার সংখ্যা ১১ হাজার ৪৫৫ জন। ৪০ লাখ টাকার বেশী আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ২৯ হাজার ৮০ জন এবং নারী করদাতার সংখ্যা ৫ হাজার ১১৭ জন। সম্পদের পরিমান সারচার্জ আরোপযোগ্য হওয়ায় ৩৯ হাজার ৩৬৩ জন পুরুষ করদাতা ১১ হাজার ৬৫ জন নারী করদাতা সারচার্জ পরিশোধ করেছেন।

এদিকে রিটার্ন দাখিলকারীর মধ্যে ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন পুরুষ ও ১১ লাখ ৩৬ হাজার ৩ জন নারী করদাতা। এদের মধ্যে বেতন খাতে আয় দেখিয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৭৫০ জন পুরুষ এবং ৪ লাখ ৭৮ হাজার ৫৬৬ নারী করদাতা । বাড়ি ভাড়া খাতে আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন এবং নারী করদাতার সংখ্যা ৮৪ হাজার ৪৭৭ জন।

চলতি করবর্ষ থেকে অনলাইনে ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে সামর্থ নয় বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে। তবে তারা ইচ্ছে করলে অনলাইনেও রিটার্ন দাখিল করতে পারবেন। চতুর্থ দফায় সময় বাড়িয়ে চলতি ২০২৫-২৬ করবর্ষের জন্য ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিলের শেষ সময় নির্ধারণ করেছে এনবিআর ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...