বিশ্বকাপে আলো ছড়ানো মরক্কোর তরুণ মিডফিল্ডার আইয়্যুব বোয়াদিকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাব লিল থেকে ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে ৮৫.৬ মিলিয়ন পাউন্ডে কিনেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। এই চুক্তিতে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি টিনএজার ফুটবলার বোয়াদি।
বোয়াদির জন্য লিলকে ৮১.৪ মিলিয়ন পাউন্ড আগাম দেবে সিটি। পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন শর্ত পূরণ হলে আরও ৪.২ মিলিয়ন পাউন্ড যোগ হবে। পাঁচ বছরের চুক্তিতে সিটিতে যোগ দিচ্ছেন বোয়াদি। আন্তর্জাতিক ছাড়পত্র পাওয়ার পরই চুক্তিটি কার্যকর হবে।
চলতি বিশ্বকাপে মরক্কোর হয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছেন বোয়াদি। দলের ছয় ম্যাচের পাঁচটিতে একাদশে ছিলেন তিনি। বিশ্বকাপের আগে লিলের মাঝমাঠেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এই তরুণ। ব্রাজিলের বিরুদ্ধে ১-১ গোলের ড্র ম্যাচে মাঝমাঠে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন এই তরুণ। মুলত তখন থেকেই বড় ক্লাবগুলোর নজর ছিল তার ওপর। সেই সুযোগটা নিল এবার ম্যানসিটি।
বোয়াদিকে দলে নেওয়ার মধ্য দিয়ে মিডফিল্ডে পুনর্গঠন চালিয়ে যাচ্ছে সিটি। এর আগে রদ্রিকে ৬৫ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনা এবং তিজ্জানি রেইন্ডার্সকে ৫২ মিলিয়ন পাউন্ডে আল-কাদসিয়ায় বিক্রি করেছে তারা।
বোয়াদিকে কিনে টিনএজার কেনার আগের রেকর্ডও ভেঙেছে সিটি। ২০২৪ সালে লিল থেকেই ফরাসি ডিফেন্ডার লেনি ইয়োরোকে ৫৮.৯ মিলিয়ন পাউন্ডে কিনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এতদিন সেটিই ছিল প্রিমিয়ার লিগে কোনো টিনএজারকে কেনার সর্বোচ্চ ফি।
২০২৩ সালে লিলের মূল দলে অভিষেকের পর ৯৬ ম্যাচ খেলেছেন বোয়াদি। গত মৌসুমে লিগ ওয়ানে তৃতীয় হওয়া লিলের দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ১৬ বছর বয়সে ইউরোপা লিগে কেআইয়ের বিপক্ষে অভিষেক করে লিলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী সিনিয়র খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন বোয়াদি।
২০২৪ সালে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও নজর কাড়েন তিনি।
সিটির মিডফিল্ডে বোয়াদির সঙ্গে যোগ হয়েছেন ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনও। নটিংহাম ফরেস্ট থেকে তাঁকে ১১৬ মিলিয়ন পাউন্ডে কিনেছে সিটি। এদিকে চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকেও দলে নিতে আগ্রহী তারা। ২৫ বছর বয়সী এই খেলোয়াড়ের সম্ভাব্য মূল্য ১২০ মিলিয়ন পাউন্ড।
ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনিওকে ৭৫ মিলিয়ন পাউন্ডে টটেনহ্যামে বিক্রি করেছে ম্যানচেস্টার সিটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

