আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দ্বিতীয় দিনের মতো শেয়ারবাজারে সূচকের বড় উত্থান

অর্থনৈতিক রিপোর্টার

দ্বিতীয় দিনের মতো শেয়ারবাজারে সূচকের বড় উত্থান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আতঙ্ক থেকে বের হয়ে আসতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি সরবরাহে ঘাটতির কারণে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে আতঙ্কের কারণে দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের ঘটনা ঘটে। তবে দুদিনে বড় ধরনের উত্থানের মধ্য দিয়ে সে আতঙ্ক কাটিয়ে উঠার ইঙ্গিত দিচ্ছে বাজার।

বিজ্ঞাপন

মঙ্গলবার একদিনেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪৮ পয়েন্টেরও বেশি। গতকাল সূচক বেড়েছিল ১৩২ পয়েন্ট। ফলে দুই দিনে সূচক বেড়েছে ২৮০ পয়েন্ট। এর আগে টানা পতনে মাত্র ৬ কার্যদিবসে সূচকের পতন হয়েছিল প্রায় ৬০০ পয়েন্টের মতো। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উল্লম্ফন হয়েছে। দিনশেষে সিএসসিএক্স ২ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৯ হাজার পয়েন্টের উপরে উঠে এসেছে।

জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) প্রেসিডেন্ট ও লংকাবাংলা ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী ইফতেখার আলম আমার দেশকে বলেন, বড় ধরনের কারেকশনের (মূল্য সংশোধন) পর যারা বাজারের ন্যাচারাল বায়ার তারা ফের বাজারে সক্রিয় হয়েছেন। এ কারণে বাজারে একটা ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। এর ফলে যুদ্ধ পরিস্থিতি নিয়ে যে আতঙ্ক অবস্থা তৈরি হয়েছিল তা থেকে কিছুটা বের হয়ে এসেছে বাজার এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থাও ফিরে আসছে।

তিনি আরো বলেন, এখনই তেলের দাম না বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত, বিকল্প উৎস থেকে তেলের যোগান এবং ইতোমধ্যে তেলবাহী দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর ফলে তেল নিয়ে যে উদ্বেগ সেটা কিছুটা হলেও কমেছে। এর ফলে শেয়ারবাজারে তার ইতিবাচক প্রভাব পড়ছে বলে মতপ্রকাশ করেন এ বিশ্লেষক।

তথ্য পর্যোলোচনায় দেখা যায়, মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয় দিনের লেনদেন। প্রথম ২০ মিনিটেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে যায় ১০০ পয়েন্টের বেশি। এরপর কিছুটা পতনমুখী প্রবণতা দেখা গেলেও শেয়ারক্রয়ের চাপে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় ফেরে বাজার। ফলে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় বেলা ১২টার দিকে ডিএসইর সূচক বেড়ে যায় ১৪০ পয়েন্টের মতো। শেষ পর্যন্ত ১৪৮ পয়েন্ট বেড়ে শেষ হয় দিনের লেনদেন। এরমধ্যে লেনদেনে অংশ নেওয়া ইস্যুগুলোর মধ্যে ৩৩৯টিরই দর বেড়েছে, কমেছে ১৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

এদিকে গতকালের তুলনায় লেনদেনের পরিমাণও বেড়েছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৫৯৪ কোটি টাকা। গতকাল এর পরিমাণ ছিল ৪১৬ কোটি টাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন