এমপির মোবাইলে এসএমএস এলো—‘২৫ হাজার টাকা পাঠান’, যা বললেন চিফ হুইপ

এমপির মোবাইলে এসএমএস এলো—‘২৫ হাজার টাকা পাঠান’, যা বললেন চিফ হুইপ
চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

সংসদ সদস্যদের মোবাইল ফোন হ্যাক, ভয়েস ক্লোন এবং স্বাক্ষর জাল করে প্রতারণার ঘটনায় সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, এমপিদের মোবাইলে টাকা চেয়ে বিভিন্ন ধরনের প্রতারণামূলক এসএমএস আসছে, এসব থেকে সাবধান হতে হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি এ বিষয়ে সংসদ সদস্যদের সচেতন থাকার অনুরোধ করেন। একই সঙ্গে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বিটিআরসি কাজ শুরু করেছে বলে জানান চিফ হুইপ।

বিজ্ঞাপন

নুরুল ইসলাম বলেন, পত্রিকায় এসেছে মোবাইল ফোনে.. আমি কালকে (বুধবার) এখানে পেয়েছি আমাকে তিনজন সংসদ সদস্য বলেছেন জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা পাঠান, ৩০ হাজার টাকা পাঠান, আবার ২৫ হাজার টাকা পাঠান। তিনটা নম্বর থেকেই এসেছে। যেসব নম্বর থেকে এই ফোন আসে, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কল করেছিলাম কিন্তু ধরেনি। মানে মোবাইল (নম্বর) হ্যাক হয়েছে।

এ সময়ে সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে চিফ হুইপ বলেন, এ ব্যাপারে আমাদের যথেষ্ট সচেতন হওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি আপনারা জানলে সারা বাংলা জানবে বলে মনেকরি। টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশ জানুক। ভয়েজ ক্লোন করে এবং কাগজপত্র নিয়ে কাজটা করছে, কিছু কিছু মানুষ স্বাক্ষর জাল করে একটি কাগজ হাজির করছে, সেটাও সমস্যা হয়েছে। বিরোধী দলের অনেক সদস্যদের হয়েছে, সরকার দলের সদস্যদেরও হয়েছে। বিষয়টি নিয়ে সংসদ সদস্যদের সচেতন হওয়ার অনুরোধ করে চিফ হুইপ।

এসময় চিফ হুইপকে উদ্দেশ্য করে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বিষয়টি যখন উঠালেন, প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। সে বিষয়ে কিছু বলবেন না? ক্লোন হয় বা যাই হয় না হয়, সেটাতো ব্যক্তিগত পর্যায়ে যাদের হচ্ছে, তারাতো সেটার জন্য দায়ী না। প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, নির্বাহী বিভাগ বা রাষ্ট্রের। সে বিষয়ে বলার থাকলে বলেন।

তখন চিফ হুইপ বলেন, বিষয়টি নিয়ে গতকালকেই (বুধবার) কথা হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা বিটিআরসি শুরু করেছে। যাতে এ সমস্যার সমাধান করতে পারি।

এর আগে পয়েন্ট অব অর্ডারে চিফ হুইপ আরও বলেন, সব লবিতে ফেস রিডিং ডিভাইস রয়েছে। সেখানে ফেস রিডিং করা হয় না, সেখানে ১২০-২২ জন হয়। আমাকে সংসদ থেকে অবহিত করা হয়েছে যাতে সব সংসদ সদস্য ফেস রিডিং করে সংসদ কক্ষে ঢুকেন। আজকে যেন যাওয়ার সময় সব সদস্য ফেস রিডিং করে যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন