দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনরত মো. মোতাছিম বিল্লাহকে বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে দাপ্তরিক নির্দেশনা জারি করা হয়।
মো. মোতাছিম বিল্লাহ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় নগদ-এর প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
তিনি ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে তিনি ব্যাংক পরিদর্শন বিভাগ, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এবং পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের পেমেন্ট সিস্টেম আধুনিকায়নে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তার নেতৃত্বে চালু হয় দেশীয় কার্ড স্কিম ‘টাকা-পে’, এনপিএসবি মাইগ্রেশন, ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম এবং বাংলা কিউআর কোড।
এছাড়া বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়িত সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্টের আওতায় আইটি অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নগদ-এর প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে তার নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে। সেবার মান ও পরিধি বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এ সময়ে নগদ-এর লেনদেন প্রায় দ্বিগুণ হয়েছে এবং প্রযুক্তিগত উন্নয়নেও বড় অগ্রগতি হয়েছে।
শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়াও ব্যাংকিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল পেমেন্ট ও বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

