সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আশিয়ান গ্রুপ। আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালের মাঠে এই আয়োজন করা হয়।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা-১৯ (সাভার) আসনের এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, দৈনিক সংগ্রামের সম্পাদক আযম মীর শাহিদুল আহসান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ।
অনুষ্ঠানের আয়োজক আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া সভাপতির বক্তব্যে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি উল্লেখ করেন যে, ব্যক্তিগত জীবনে তিনি কোনো রাজনৈতিক দলের সক্রিয় পদের সাথে সরাসরি সম্পৃক্ত না থাকলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে হৃদয়ে ধারণ করেই তিনি নিজের জীবন ও ব্যবসায়িক সততা গড়েছেন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বারবার আবেগাপ্ল“ত হয়ে পড়েন এবং তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, এই দোয়া ও ইফতার মাহফিল কোনো ব্যক্তিগত প্রচার বা গৌরবের জন্য নয়; বরং চার দশকেরও বেশি সময় ধরে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি ধারাবাহিক উদ্যোগ।
তিনি জানান, প্রতি রমজানে হাজারো অসহায় ও নিম্নআয়ের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান আমাদের দায়িত্ব ও ইবাদত-মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। মানুষের দোয়া ছাড়া জীবনে কোনো সফলতা নেই। আমরা চাই আল্লাহ আমাদের ক্ষমা করুন, সঠিক পথে রাখুন এবং দেশকে শান্তি ও কল্যাণে ভরিয়ে দিন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া, পরিচালক জাহিদুল ইসলাম ভূঁইয়া, পয়সা বাজারের চেয়ারম্যান অনামিকা ইসলাম ভূঁইয়া। মাহফিলে রাজনীতিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের এক বিশাল সমাবেশ ঘটে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

