জিডি ট্রফি

রোমাঞ্চকর দ্বিতীয় ম্যাচে অনূর্ধ্ব-২৩ দলকে হারাল অনূর্ধ্ব-১৯ দল

রোমাঞ্চকর দ্বিতীয় ম্যাচে অনূর্ধ্ব-২৩ দলকে হারাল অনূর্ধ্ব-১৯ দল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত গেম ডেভেলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) দ্বিতীয় ম্যাচেই দেখা গেল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ৪ রানে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। ২২৬ রানের পুঁজি নিয়ে শেষ ওভার পর্যন্ত লড়াই করে ফরিদ হাসান ফয়সালের দল তুলে নেয় নাটকীয় জয়।

বিজ্ঞাপন

টসের পর ব্যাটিংয়ে নেমে ৪৮.৪ ওভারে ২২৬ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন রবিউল হাসান অনিক। ছয় নম্বরে নেমে ৮২ বলে অপরাজিত ইনিংসে পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। আবদুল্লাহ আল মুহি করেন ৪০ রান, আহসান আল মুমিনুল ৩৭ এবং ফারহান সাদিকের ব্যাট থেকে আসে ২৯ রান।

অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অফ স্পিনার শেখ পারভেজ জীবন ৩৮ রানে ৩ উইকেট নেন। আহরার আমিন পিয়ান ও আজিজুল হাকিম তামিম নেন দুটি করে উইকেট।

২২৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করে অনূর্ধ্ব-২৩ দল। জাওয়াদ আবরার ও খালিদ হাসান উদ্বোধনী জুটিতে যোগ করেন ৫২ রান। জাওয়াদ ২৬ ও খালিদ ৩৪ রান করেন। এরপর তামিম ২৮ এবং অধিনায়ক কালাম সিদ্দিকি এলিন ৩২ রান করেন। একপর্যায়ে ৩ উইকেটে ১২৬ রান তুলে জয়ের পথেই ছিল তারা।

তবে এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা। আহরার আমিন পিয়ান ও রিজান হোসেন ষষ্ঠ উইকেটে ৪১ রান যোগ করলেও পিয়ান ২৫ রানে ফেরেন। ৭৫ বলে ৪৪ রান করে জয়ের মাত্র ১৪ রান আগে আউট হন রিজান।

শেষ দুই ওভারে অনূর্ধ্ব-২৩ দলের প্রয়োজন ছিল ৮ রান। ৪৯তম ওভারে মাত্র ২ রান আসার পাশাপাশি উইকেট হারায় তারা। ফলে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৬ বলে ৬ রান, হাতে ছিল শেষ উইকেট।

শেষ ওভারের তৃতীয় বলেই রাহিন আহমেদকে এলবিডব্লিউ করে ম্যাচ শেষ করেন রহিম আহমেদ। ৫২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। আল রাফি ও তাফিউল আলম তামিম নেন দুটি করে উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন