অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরামর্শে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জ জেলায় লক্ষাধিক অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত রাখা হয়েছে।
তবে অ্যাকাউন্টগুলো কত দিন বন্ধ থাকবে এবং কবে নাগাদ আবার চালু হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। কয়েক দিনের ব্যবধানে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। সড়ক অবরোধ করে গোপালগঞ্জের সঙ্গে সারা দেশের যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন বলপ্রয়োগ করেনি।
গোপালগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উসকানি ও অর্থায়ন করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এমন পরিস্থিতিতে গত বুধবার জেলায় এমএফএস সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


