কক্সবাজারে জাইকার অর্থায়নে সুগন্ধা পয়েন্ট থেকে হোটেল সায়মন পর্যন্ত উপকূলীয় সড়ক নির্মাণে সৈকতের বালিয়াড়ি ও উপকূলীয় পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। বালিয়াড়ি ও উপকূলীয় পরিবেশের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা সংরক্ষণ করে পরিকল্পিত, পরিবেশসম্মত ও জলবায়ু-সহনশীল উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রোববার বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, সৈকতের সংবেদনশীল বালিয়াড়ি অঞ্চল এড়িয়ে বিকল্প স্থানে সড়ক নির্মাণের সম্ভাবনা থাকা সত্ত্বেও এই এলাকায় অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত কতটা যৌক্তিক এবং বিকল্প স্থান ও নকশা যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কি না, তা স্পষ্ট করা জরুরি।
পরিবেশগত সংকটাপন্ন এলাকায় যেকোনো উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে পরিবেশগত আইন, বিধিবিধান ও অনুমোদন প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা অত্যাবশ্যক। সংশ্লিষ্ট সড়ক নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র নেওয়া হয়েছে কি না, তা নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে বলে জানিয়েছে বিআইপি। প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন ও মূল্যায়ন ছাড়া সংবেদনশীল এলাকায় নির্মাণকাজ পরিচালিত হলে তা আইনগত ও পরিবেশগত বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
বিআইপি মনে করে, কক্সবাজারের উন্নয়নকে কোনো বিচ্ছিন্ন অবকাঠামো প্রকল্প হিসেবে বিবেচনা না করে পরিবহন, পর্যটন, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতাকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় ঝুঁকি ক্রমেই বাড়ছে উল্লেখ করে সংগঠনটি বলেছে, কক্সবাজারের বালিয়াড়ি ও উপকূলীয় উদ্ভিদকে প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা হিসেবে সংরক্ষণ করা জরুরি। উন্নয়নের নামে এসব প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা ধ্বংস করে অবকাঠামো নির্মাণ টেকসই উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে চলমান নির্মাণকাজ অবিলম্বে স্থগিত করে প্রকল্পটির পরিবেশগত, জলবায়ুগত, দুর্যোগ ঝুঁকি ও পরিকল্পনাগত প্রভাবের স্বাধীন ও সমন্বিত পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়।
একই সঙ্গে প্রকল্পটির পরিবেশগত ও অন্যান্য প্রয়োজনীয় অনুমোদনের বিষয়টি যথাযথভাবে যাচাই, বালিয়াড়ি ও উপকূলীয় পরিবেশ অক্ষুণ্ণ রেখে বিকল্প স্থান ও নকশা বিবেচনা এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিআইপিসহ সব অংশীজনের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


