দেশের বাজারে ফের কমছে সোনার দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পাকা সোনার দাম কমায় নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এ লক্ষ্যে বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দাম কমানো হয়।
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও অনুপাতে কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।
এর আগে গত ১৫ মে ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয়েছিল ২ হাজার ২১৫ টাকা। এরপর ১৬ মে আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়। সর্বশেষ বুধবার নতুন করে ২ হাজার ১৫৮ টাকা কমানো হলো। ফলে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম মোট কমল ৮ হাজার ৭৪৭ টাকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


