আনোয়ারায় বেইলি ব্রিজের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলাচল

আনোয়ারায় বেইলি ব্রিজের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলাচল

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের আন্নর আলী সিকদার হাট এলাকায় সাপমারা খালের ওপর বেইলি ব্রিজ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজটির স্টিলের পাটাতন ক্ষয়ে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের লোহার পাটাতনগুলো মরিচা ধরে অনেক জায়গায় দেবে গেছে। কোথাও কোথাও বড় গর্ত সৃষ্টি হওয়ায় স্থানীয়রা নিজেদের উদ্যোগে কাঠের তক্তা বসিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করেছেন। তবে এই অস্থায়ী ব্যবস্থা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে রাতে ব্রিজটি পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা আরো বেড়ে যায়। এই ব্রিজটি রায়পুর ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের প্রধান যোগাযোগমাধ্যম। আন্নর আলী সিকদার হাটে কৃষিপণ্য আনা-নেওয়া, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং জরুরি রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে ব্রিজটির গুরুত্ব অপরিসীম।ব্রিজের ওপর দিয়ে সরেঙ্গা গ্রাম, গহিরা, ফকির হাট থেকে পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ে শত শত শিক্ষার্থী চলাচল করে। কিন্তু বর্তমানে ব্রিজটির বেহাল অবস্থার কারণে পণ্যবাহী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে আনোয়ারা উপজেলা প্রকৌশলী জাহেদুল চৌধুরী বলেন, ব্রিজটির বিষয়টি আমাদের নজরে রয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কার অথবা নতুন ব্রিজ নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন