শিক্ষা মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত

শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল, ফিরছে লিখিত পরীক্ষা

শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল, ফিরছে লিখিত পরীক্ষা
শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল, ফিরছে লিখিত পরীক্ষা। ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আগের মতো প্রিলিমিনারি, লিখিত এবং এমসিকিউ পরীক্ষার মাধ্যমে নিবন্ধন সনদ অর্জন করতে হবে প্রার্থীদের। এছাড়া এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ পদ্ধতি বহাল থাকছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

বিজ্ঞাপন

সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা নাম ও পদবী প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষক নিয়োগ বা নিবন্ধন পরীক্ষা আগের মতোই নেওয়া হবে। আগের নেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে; শিগগিরই এ-সংক্রান্ত পরিপত্র জারি হবে।

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। তবে মঙ্গলবারের সভায় সেই সিদ্ধান্ত বাতিল করে প্রচলিত পরীক্ষাপদ্ধতিই পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হলো।

ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার জন্য এনটিআরসিএর নিবন্ধন পরীক্ষার গুরুত্ব আগের মতোই থাকছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত আনুষ্ঠানিক পরিপত্র জারি করা হবে। এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন