ঢাকার মেট্রোরেলের সব স্টেশনের নিচে গড়ে ওঠা অবৈধ দোকান ও হকার উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সেইসঙ্গে স্টেশন এলাকার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে হকার ও দোকানদারদের সতর্ক করা হচ্ছে।
মঙ্গলবার উত্তরা উত্তর ও উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা অভিযানে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দেন। বুধবারও যথারীতি উচ্ছেদ অভিযান চলে। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানিয়েছেন, মেট্রোরেলের সবগুলো স্টেশনের নিচের অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলমের নির্দেশনায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযান চলাকালে মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থানরত অবৈধ হকার এবং তাদের স্থাপিত ভাসমান দোকান অপসারণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট হকারদের ভবিষ্যতে স্টেশনের নিচে কোনো ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা বা দোকান না বসানোর নির্দেশনা দেয়া হয়। এ ছাড়া হকাররা ম্যাজিস্ট্রেটদের কাছে আর কোনো অবৈধ দোকান না বসানোর অঙ্গীকার করেন।
মেট্রোরেল স্টেশনের আশপাশের দোকানদারদেরও ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলার নির্দেশ দেয়া হয়। যাতে স্টেশনের নিচে কিংবা আশপাশে কোনো ধরনের পরিবেশ দূষণ না ঘটে, সে বিষয়েও তাদের সতর্ক করা হয়।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেল স্টেশনগুলোর নিরাপত্তা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

