বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় বইমেলায় প্রকাশিত বইয়ের পাণ্ডুলিপি যাচাই সংক্রান্ত সংবাদ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দৃষ্টি আকর্ষিত হয়েছে। ভিন্ন-ভিন্ন শিরোনামে প্রকাশিত উক্ত সংবাদ সম্পর্কে ডিএমপি শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার নিজস্ব বক্তব্য প্রদান করেছে।
ডিএমপি জানায়, গত ৩১ জানুয়ারি বইমেলা প্রাঙ্গণে অমর একুশে বইমেলা উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। উক্ত ব্রিফিংয়ে উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের আলোকে মেলায় প্রকাশিত বই যাচাই-বাছাই সম্পর্কে উত্থাপিত প্রশ্নের জবাবে এ সংক্রান্তে বাংলা একাডেমির দৃষ্টি আকর্ষণ করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বা কোন উসকানিমূলক বই প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বাংলা একাডেমিকে অনুরোধ করা হয়। ইতোপূর্বে বই মেলা আয়োজনে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত বিভিন্ন অংশীজনের সাথে আলোচনায় এ সংক্রান্তে অনেকে বিষয়টি উপস্থাপন করেন। প্রকৃতপক্ষে প্রকাশিতব্য বইসমূহ আগামীতে পুলিশ কর্তৃক ভেটিং বা অনুমোদন সংক্রান্ত কোন পরামর্শ বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বা বলা হয়নি।
পুলিশ জানায়, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, লেখনির মত সৃজনশীল কর্মকাণ্ডকে আমরা সবসময় উৎসাহিত করি। মুক্ত মনের চর্চা ও বিকাশের পরিবেশকে আমরা স্বাগত জানাই। অতএব, বর্ণিত বিষয়ে অহেতুক ভুল ব্যাখ্যা ও অপপ্রচার হতে বিরত থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিনীত অনুরোধ করা হলো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

