আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে দু’জনের আত্মহত্যা, হাতিরঝিলে মিলল বৃদ্ধের লাশ

স্টাফ রিপোর্টার

রাজধানীতে দু’জনের আত্মহত্যা, হাতিরঝিলে মিলল বৃদ্ধের লাশ

রাজধানীতে পৃথক তিনটি ঘটনায় হাজারীবাগ ও কদমতলীতে দুজন আত্মহত্যা করেছেন। অন্যদিকে, হাতিরঝিল এলাকা থেকে এক বয়স্ক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে ও শুক্রবার সকালে এসব ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

স্ত্রীর সাথে অভিমান করে হাজারীবাগের মেট্রো হাউজিং এলাকায় তপু চৌধুরী (৩২) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। থানার উপপরিদর্শক (এসআই) হাসনাইন সোহান জানান, বৃহস্পতিবার রাতে ওই এলাকার একটি বাসার পঞ্চম তলা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় চার বছর আগে বিয়ে করেন তপু। সম্প্রতি দাম্পত্য কলহের জের ধরে তিন মাস আগে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্ত্রীর সাথে অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তপু চৌধুরী বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার মৃত কুতুবউদ্দিন চৌধুরীর ছেলে।

একই দিন রাত ১২টার দিকে কদমতলীর নুরপুর বায়তুস সালাম রোডের একটি বাসা থেকে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। কদমতলী থানার এসআই শফিকুল ইসলাম জানান, দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার সময় তার স্ত্রী নুপুর আক্তার বাসার বাইরে ছিলেন।

স্ত্রী নুপুর ফিরে এসে দরজা বন্ধ দেখে তিনি সন্দেহ হলে প্রতিবেশীদের সহায়তায় পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ইচ্ছাকৃতভাবে দরজা বন্ধ করে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমন চরম পদক্ষেপ নিয়েছেন, তা নিশ্চিত হতে পারেনি পরিবার। জাহাঙ্গীর চাঁদপুর সদর উপজেলার লালপুর গ্রামের মৃত ছাত্তার হাজরা ও বেহুলা বেগমের ছেলে।

হাতিরঝিল থানার মালিবাগ রেলগেইট ডিআইটি রোড ফ্লাইওভারের পিলারের নিকট থেকে দীনেশচন্দ্র দাশ (৮০) নামে এক ভাসমান ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়েছে। হাতিরঝিল থানার এসআই মোস্তানছির বিল্লাহ জানান, শুক্রবার দিনের বেলা ওই এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে ভুগে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন