বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা প্রশংসনীয় তবে বই নির্বাচনে সতর্কতার দাবি

বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা প্রশংসনীয় তবে বই নির্বাচনে সতর্কতার দাবি

বিশ্বজয়ী হাফেজে কোরআনদের সম্মাননা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। একই সঙ্গে এমন অনুষ্ঠানে উপহার হিসেবে বই নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, বিশ্বজয়ী হাফেজে কোরআনদের সম্মাননা দেওয়া এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি জানানো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তবে এমন সুমহান অনুষ্ঠানে ‘নেক্সাস’-এর লেখক ইউভাল নোয়াহ হারারির মতো ইসলামি আকিদা ও নৈতিকতার পরিপন্থী লেখকের বই উপহার হিসেবে দেওয়া সমীচীন হয়নি।

তিনি বলেন, পরবর্তীতে বিষয়টি অনুধাবন করে সরকার বিতর্কিত বইটি ফেরত নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সে জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছেন তারা।

একই সঙ্গে সরকারের দৃষ্টি আকর্ষণ করে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, এমন স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং আলেম-ওলামাদের মধ্যে অসন্তোষ তৈরির পেছনে কোনো চক্রান্তকারী মহল যুক্ত থাকতে পারে।

তিনি আরও বলেন, যারা সুকৌশলে এই বিতর্ক তৈরি করে সরকারের সুনাম বিনষ্ট করার চেষ্টা করেছে, তাদের দ্রুত চিহ্নিত করা প্রয়োজন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ভবিষ্যতে রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে বই বা অন্যান্য উপহার নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এতে অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়ানোর পাশাপাশি রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোর মর্যাদাও অক্ষুণ্ন থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন