সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিশ্চিতে কমিটি

সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিশ্চিতে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে আহ্বায়ক করে একটি উপ কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাকিলা জেরিনের সভাপতিত্বে ওসমানী স্মৃতি মিলনায়তনের কনফারেন্স কক্ষে ‘রমনা পার্কের ন্যায় সোহরাওয়ার্দী উদ্যানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সুপারিশ প্রণয়ন’ সংক্রান্ত কমিটির সভায় এই কমিটি গঠিত হয়।

বিজ্ঞাপন

উক্ত কমিটিকে আগামী তিনদিনের মধ্যে সুপারিশ পেশ করতে বলা হয়েছে। একইসঙ্গে রমনা পার্কের ন্যায় সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্যবর্ধনের জন্য আরেকটি উপ কমিটি গঠন করা হয়েছে।

বৈঠকে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে ভাসমান লোক ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে। প্রতিদিনই মাদক বিরোধী অভিযান চলছে। এছাড়া ২৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত আলোর জন্য ৮৫টি বাতি লাগানো হয়েছে। শিগগিরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের দুইটি ক্যাম্প স্থাপনের কাজ শুরু হবে। উদ্যানে আনসারের সদস্য বাড়িয়ে ৪০ জন করা হয়েছে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কালী মন্দির কর্তৃপক্ষ ও বাংলা অ্যাকাডেমির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন