রাজধানীর মিরপুরে অপরাধীদের হাতে অস্ত্র পৌঁছানোর দুটি ভিন্ন চ্যানেলে পৃথকভাবে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শাহআলীতে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কাছে বিক্রির জন্য রাখা ১০৫টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে একজনকে গ্রেপ্তারের পর তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই দিনে পল্লবীর বাউনিয়াবাদে অভিযান চালিয়ে একটি সচল বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি মিরপুর বিভাগ।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। পুলিশের দাবি, পল্লবীর ওই দুই যুবক এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন।
ডিএমপি জানায়, গত সোমবার ৫ অক্টোবর শাহআলী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে গোপনে সুইচ গিয়ার চাকু বিক্রির খবর পায় ডিবি মিরপুর বিভাগের একটি দল। তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মো. রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা বাজারের ব্যাগ খুলতেই বেরিয়ে আসে বিভিন্ন রং ও আকারের ১০৫টি সুইচ গিয়ার চাকু। জিজ্ঞাসাবাদে রেজাউল জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কাছে এসব চাকু বিক্রি করে আসছিলেন। পরে তাকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে একই দিন পল্লবীর বাউনিয়াবাদ আবাসিক এলাকায় অস্ত্রধারীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় ডিবি মিরপুর। সেখান থেকে মো. জনি (২৮) ও মো. পারভেজকে (৩১) গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় বাবু নামে আরেকজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। ডিবি জানায়, জনির প্যান্টের পেছনের কোমর থেকে একটি সচল ৯ এমএম বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। ওই ম্যাগাজিনে ছিল পাঁচ রাউন্ড গুলি। পারভেজের পকেট থেকে উদ্ধার করা আরেক ম্যাগাজিনে পাওয়া যায় KF 7.65-এর তিন রাউন্ড গুলি। সব মিলিয়ে দুইজনের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি জানিয়েছে, পলাতক বাবুর কাছেও আরও একটি অস্ত্র রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে এলাকায় দখল ও আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন বলেও তাদের কাছ থেকে তথ্য পাওয়ার দাবি করেছে গোয়েন্দা পুলিশ। সেই ধারাবাহিকতায় অস্ত্র নিয়ে তারা বাউনিয়াবাদে অবস্থান করছিলেন বলে ধারণা করছে ডিবি। এ ঘটনায় পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পলাতক বাবুকে গ্রেপ্তার এবং তার কাছে থাকা অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


