‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

বিচার বিভাগের স্বাধীনতা টেকসই করতে প্রতিষ্ঠান হিসেবে এই বিভাগের প্রয়োজনীয় কাঠামো, সক্ষমতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন সদ্য সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বার্ষিক আইন বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঢাবির আইন অনুষদ আয়োজিত এ বক্তৃতার মূল বিষয়বস্তু ছিল—‘বাংলাদেশের সাংবিধানিক পরিচয়, বিচার বিভাগের স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন ও বিচার বিভাগীয় সংস্কার’।

সাবেক প্রধান বিচারপতি বলেন, বিচারকের স্বাধীনতা এবং প্রতিষ্ঠান হিসেবে বিচার বিভাগের স্বাধীনতা এক বিষয় নয়। বিচারক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারলেও নিয়োগ, প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বিচার বিভাগ যদি অন্য কোনো রাষ্ট্রীয় অঙ্গের ওপর নির্ভরশীল থাকে, তবে সেই স্বাধীনতা পূর্ণাঙ্গ হয় না।

প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসনের অর্থ বিচ্ছিন্নতা নয় উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগকে রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বরং আইনের কাছে জবাবদিহি করতে হবে। স্বাধীনতার সঙ্গে সততা, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয় থাকাও অত্যন্ত জরুরি।

বাংলাদেশের সাংবিধানিক সংকটের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমাদের সাংবিধানিক আদর্শের অভাব খুব বেশি ছিল না; মূল সমস্যা ছিল এসব আদর্শকে স্থায়ীভাবে বাস্তবায়নের মতো শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলায়। যেকোনো প্রতিষ্ঠানের প্রয়োজনে রাজনৈতিকভাবে ক্ষমতাধর বা বৈধতা পাওয়া ব্যক্তিকেও ‘না’ বলার সক্ষমতা থাকতে হবে।

তিনি নিজের মেয়াদে প্রধান বিচারপতি থাকাকালে বিচার বিভাগ ও সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাবের কথা পুনর্ব্যক্ত করেন। তাঁর মতে, বিচার বিভাগে বিচারক নিয়োগপ্রক্রিয়ায় যেকোনো মূল্যে মেধা, সততা, দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. আব্দুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন