নতুন বাংলাদেশে সরকার চাইলেও শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে কাউকে বঞ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান। চলমান মজুরি বোর্ডের আলোচনা ও দর-কষাকষির বিষয়টি বিবেচনা করে শ্রমিকদের ধৈর্য ধারণ, শান্ত থাকা এবং নিজ নিজ কর্মস্থলে ফিরে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান বলেন, দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিকের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ কাজ করে যাচ্ছে। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া জোরালোভাবে তুলে ধরা হয়েছে। মঞ্চের পক্ষ থেকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের জোর দাবি জানানো হয়।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করছে। অতীতে শ্রমিকদের সঙ্গে যে অন্যায় ও বঞ্চনা করা হয়েছে, এবার তার কোনো পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।
চলমান শ্রমিক আন্দোলনের বিষয়ে আতিকুর রহমান বলেন, মজুরি বোর্ডের আলোচনা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ দর-কষাকষির পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতিতে বিচ্ছিন্নভাবে রাস্তায় নেমে বিক্ষোভ কিংবা কারখানার উৎপাদন ব্যাহত হলে শেষ পর্যন্ত শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হবেন। কোনো স্বার্থান্বেষী মহলের ইন্ধনে প্রভাবিত না হয়ে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলন-সংক্রান্ত ঘটনায় গ্রেপ্তার সব শ্রমিক ও শ্রমিক নেতাকে দ্রুত মুক্তি দিতে হবে এবং জামিনের ব্যবস্থা করতে হবে। তবে প্রকৃত অপরাধে যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, কোনো নিরপরাধ শ্রমিককে যেন অহেতুক হয়রানি করা না হয়।
মঞ্চের সদস্য সচিব সাইদা সরকারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও কামরুন নাহার, সদস্য আব্দুল্লাহ বাসির, সমন্বয়ক সোহেল রানা মিঠু, শ্রমিক নেতা আব্দুর রহিম ও আব্দুল মোমিন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


