দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখা ও অবৈধভাবে ক্যাসকেড সিলিন্ডার বোঝাই কাভার্ডভ্যানে গ্যাস সরবরাহ বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংগঠনটি জানায়, দাবি আদায়ে আগামী ১৬ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠক করবে; এবং ২৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে গণজমায়েত ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঐক্য পরিষদের সদস্য সচিব মু. গোলাম ফারুক বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী দেশে দৈনিক ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। সম্প্রতি মহেশখালীর এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সংকট আরও বেড়েছে। এর প্রভাব পড়েছে সিএনজিচালিত পরিবহন খাতে।
তিনি বলেন, এতে করে দেশে চলমান গ্যাস সংকটের কারণে সিএনজিচালিত পরিবহন খাতে প্রতিদিন প্রায় ১২৫ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি এবং প্রায় ৯ কোটি কর্মঘণ্টা অপচয় হচ্ছে।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, পরিবহন খাতে মোট গ্যাসের মাত্র সাড়ে ৪ শতাংশ বা ১২০ এমএমসিএফটি সরবরাহ করা হয়। কিন্তু গ্যাসের চাপ কমে যাওয়ায় সিএনজি স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক গ্যাস পাচ্ছেন না। এতে যানবাহনের মালিক-শ্রমিক উভয়ই ক্ষতির মুখে পড়ছেন।
এদিকে, সংগঠনের পাঁচ দাবিগুলোর মধ্যে রয়েছে— দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রেখে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা; অবৈধভাবে ক্যাসকেড সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যান ও লরিতে গ্যাস সরবরাহ বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া; ফিলিং স্টেশনগুলোর জন্য পৃথক (ডেডিকেটেড) গ্যাস লাইন স্থাপন; যানবাহনের জন্য বরাদ্দ গ্যাস শুধু বৈধ সিএনজিচালিত যানবাহনে সরবরাহ নিশ্চিত করা ফিলিং স্টেশনগুলোতে অনিয়ম রোধে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।
পরিষদের আহ্বায়ক বেলাল আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অ্যাপ-বেইজড ট্রান্সপোর্ট ইউনিয়ন, বাংলাদেশ অটোরিকশা সিএনজি হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন, সম্মিলিত শ্রমিক ফেডারেশন, ঢাকা মেট্রোপলিটন অটো টেম্পো অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, ঢাকা মহানগর সিএনজি মালিক সমিতি, ঢাকা সিটি অটোরিকশা মালিক সমিতিসহ ১৯টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


