রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় বিভিন্ন কর্তৃপক্ষের তদন্ত ও পরিদর্শনের মধ্যে ৩০ মে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (৩১ মে) সকালে আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের দুর্ঘটনাজনিত মৃত্যু হয়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র্যাবসহ বিভিন্ন কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করে। একই সঙ্গে সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। বিভিন্ন কর্তৃপক্ষের হাসপাতালে ধারাবাহিক আসা-যাওয়ার পাশাপাশি বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিতির কারণে হাসপাতালে কর্মরত সেবাদানকারী কর্মীরা কয়েক দিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন। এতে হাসপাতালে ভর্তি রোগী এবং বিভিন্ন সেবা নিতে আসা ব্যক্তিরাও উল্লেখযোগ্য অসুবিধার সম্মুখীন হন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায় ৩০ মে স্বাস্থ্য উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। তাদের হাসপাতাল ত্যাগের পর বিপুলসংখ্যক সাংবাদিক প্রবেশের চেষ্টা করেন। চিকিৎসাধীন রোগীদের স্বার্থ বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ভেতরে ঢুকতে বাধা দেয়।
একপর্যায়ে হাসপাতালের কর্মীদের সঙ্গে সাংবাদিকদের কথোপকথনের সময় এক সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ বলে সম্বোধন করলে তারা নিজেদের অপমানিত বোধ করেন এবং উত্তেজিত হয়ে পড়েন। পরে তারা সাংবাদিকদের হাসপাতাল ত্যাগের অনুরোধ জানান। এ সময় উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কর্মীদের নিবৃত্তের চেষ্টা করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


