খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

রাজধানীর খিলগাঁও এলাকায় সৌরভ শাহরিয়ার (১৮) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

রোববার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার লাকি ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত সৌরভ শাহরিয়ার খিলগাঁও মডেল কলেজের উচ্চমাধ্যমিক (ইন্টারমিডিয়েট) শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় কয়েকজন বন্ধুর সঙ্গে লাকি ফার্মেসির সামনে বসেছিলেন সৌরভ। এসময় স্থানীয় যুবক আরাফাত, ফাতিন ও সোলেমান অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সৌরভের বাম কাঁধে কোপ দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আহত শিক্ষার্থীর বাবা সাংবাদিক শুভ মাহমুদ বলেন, আমার ছেলের সঙ্গে তাদের কোনো শত্রুতা ছিল না। তারা এলাকার বখাটে ছেলে। তারা আমার ছেলের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, তবে নিতে পারেনি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন