রাজধানীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বাংলামোটরে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চার জনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো: আওয়ামী লীগের কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য রোমান আহমেদ (৩২), আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা উপ-কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য সঞ্জীব ইসলাম আফেন্দী (৩৫), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা ছাত্রলীগ সদস্য নাবেদ আহমদ নব (২৫), কিশোরগঞ্জের ইটনা থানার ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান (৪০), আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক জাকির হোসেন (৫৫), তেজগাঁও থানা যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন (৪০) ও আওয়ামী লীগের বংশাল থানার ৩৩ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মো. সানাকাত (৩৮)।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ডিবি-তেজগাঁও বিভাগ রাজধানীতে ধারাবাহিক অভিযান চালিয়ে রোমান আহমেদ, সঞ্জীব ইসলাম আফেন্দী, নাবেদ আহমদ নব ও মিজানুর রহমাকে গ্রেফতার করে। অন্যদিকে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. জাকির হোসেনকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম ডেমরা থানার বাঁশেরপুল এলাকায় অভিযান চালিয়ে মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে মো. সানাকাতকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিকন্স) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন