বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দসহ ৪ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দসহ ৪ জন গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে বিপুল পরিমাণ ভেজাল ঔষধ (ইনজেকশন) জব্দসহ ভেজাল ঔষধ প্রস্তুত ও বিক্রয় চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেপ্তাররা হলো- ১ মোঃ মাঈন উদ্দীন ঘরামি (৪০), মোঃ সবুজ (৪৫), মোঃ বাচ্চু (২৬) ও ৪। মোঃ চান মিয়া (৭০)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত নয়টার কামরাঙ্গীরচর থানাধীন আলীনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২৬৫ প্যাকেট ভেজাল ওষুধ (ইনজেকশন) সহ পুরাতন ব্যবহৃত বিভিন্ন চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়।

ডিবি-লালবাগ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, কামরাঙ্গীরচর থানাধীন আলীনগর বাজার চৌরাস্তা এলাকায় নকল ওষুধ বিক্রয়ের একটি চক্র বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উল্লিখিত চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সহযোগী ১২/১৩ জন কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের হেফাজত হতে ৯০ প্যাকেট Rhophylac 300, Human anti-D (Rh), Immunoglobulin, Switzerland ইত্যাদি লেখা ভেজাল ঔষধ (ইনজেকশন), ১৭৫টি G-PETHIDINE Injection (PETHIDINE HYDROCHLORIDE BP),গণস্বাস্থ্য ফারমাসিউটিক্যালস ইত্যাদি লেখা ভেজাল ঔষধ ও পুরাতন ব্যবহৃত বিভিন্ন চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা ভেজাল ঔষধ প্রস্তুত ও বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। তারা ব্যবহৃত ইনফিউশন সেট/ ট্রান্সফিশন সেটসমূহ বিভিন্ন হাসপাতাল ও ভাংগারির দোকান হতে সংগ্রহ করে নতুন করে পলিথিনে প্যাকেটজাত করে মিটফোর্ড ওষুধ মার্কেটে বিক্রয় করতো। তারা বিক্রয়ের উদ্দেশে জব্দকৃত ভেজাল ওষুধগুলো তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন