ভাটারার গ্যাস লিকেজের বিস্ফোরণে প্রাণ গেল হাফসা ও শাহিনের

ভাটারার গ্যাস লিকেজের বিস্ফোরণে প্রাণ গেল হাফসা ও শাহিনের
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন সদস্যের মধ্যে শিশু হাফসা (৮) ও তার খালু আনোয়ার হোসেন শাহিন (২৫) মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে হাফসা এবং শুক্রবার সকালে শাহিন মারা যান। একই ঘটনায় দগ্ধ শাহিনের স্ত্রী ফাহিমা আক্তার এখনও আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাফসার শরীরের প্রায় ৪০ শতাংশ এবং শাহিনের শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় ফাহিমা আক্তারের শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছে। তিনি এখনও আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।

গত মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ভাটারা থানার নতুন বাজার ১০০ ফুট এলাকার একটি বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

মৃত শাহিনের ভাই সোহেল জানান, তাদের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। পাঁচ ভাইয়ের মধ্যে শাহিন ছিলেন সবার ছোট। তিনি রাজধানীর একটি কাপড়ের দোকানে কাজ করতেন। প্রায় ছয় মাস আগে বিয়ে করে ভাটারার ওই বাসায় ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। দুর্ঘটনার আগে তাদের ভাগনি হাফসা বেড়াতে এসে খালার বাসায় অবস্থান করছিল। ওই সময়ই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিনজনই দগ্ধ হন।

এই মর্মান্তিক ঘটনায় পরিবারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের ভাষ্য, কয়েক মাস আগেই নতুন সংসার শুরু করেছিলেন শাহিন। কিন্তু একটি দুর্ঘটনাই মুহূর্তে তার সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার স্ত্রী ফাহিমা আক্তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন