রাজধানীর ওয়ারী'র জয়কালী মন্দির এলাকায় ব্যাটারি চালিত রিকশা ভ্যানগাড়ি উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি উল্টে যাওয়া ওই ভ্যানের চালক ছিলেন।
সোমবার ওয়ারী থানার জয় কালী মন্দির এলাকায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে গুরুতর আহত হন চালক রফিকুল। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা ভ্যানচালক রফিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুতগতিতে ভ্যান চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সেটির নিচে চাপা পড়েন চালক রফিকুল। পরে হাসপাতালে নিলে মারা যান তিনি।
রফিকের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। রাজধানীর মগবাজার আমতলা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


