দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এদিকে ঢাবির আশেপাশে বিএনপি ও জামায়াতের লোকেরা অবস্থান নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রবেশমুখে সারাদেশ থেকে আসা জামায়াত শিবিরের লোকেরা অবস্থান করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, নীলক্ষেত, কাটাবনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। তাদের অনেকে নিজেদের উৎসুক জনতা হিসেবে দাবি করেছেন।
তবে, নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিবিসি বাংলার কাছে জানিয়েছেন, উপস্থিতদের বেশিরভাগই বিএনপি বা জামায়াতের কর্মী ও সমর্থক।
নীলক্ষেত এলাকা মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে নিউমার্কেট যাওয়ার রাস্তার বাম পাশে বিএনপি এবং ডানপাশে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন।
তবে, সেখানে কোনোরকম উত্তেজনা বা অস্থিরতা দেখা যায়নি। সমবেতদের দূরে সরিয়ে রাখতে পুলিশের তৎপরতা দেখা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

