​ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে বিশেষ অভিযান, ভবন মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার

​ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে বিশেষ অভিযান, ভবন মালিককে জরিমানা
ছবি: সংগৃহীত

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটির সিদ্ধান্তে নবগঠিত টাস্কফোর্সের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জিগাতলা ও যাত্রাবাড়ীর কুতুবখালী খাল এলাকায় এই অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং টাস্কফোর্সের সভাপতি মীর শাহে আলম।

বিজ্ঞাপন

অভিযানকালে জিগাতলা এলাকার বিভিন্ন বসতবাড়ির ছাদ, বেইজমেন্ট, হোটেল, রেস্তোরাঁ ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে দুটি নির্মাণাধীন ব্যক্তি মালিকানাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় দণ্ডবিধি ১৮৬০-এর ২৭০ ধারা অনুযায়ী ভবনের প্রত্যক মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ডেঙ্গুর লার্ভা থাকায় লাল কালি চিহ্নিত বিশেষ সতর্কতামূলক লিফলেট ভবনের প্রবেশপথে সেঁটে দেওয়া হয়।

পরিদর্শনকালে গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন সরকারি আবাসিক এলাকায় ডেঙ্গুর লার্ভা সৃষ্টির উপযোগী পরিবেশ ও ময়লা জমে থাকায় বাসিন্দাদের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্তক করা হয়েছে।

অভিযান শেষে সাংবাদিকদের শাহে আলম বলেন, ‘মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তি দেওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়; আমাদের উদ্দেশ্য হলো জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো। আমরা চাই ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিক নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুক।’

তিনি আরো জানান, জাতীয় কমিটির অধীনে এই টাস্কফোর্সের অভিযান রাজধানীজুড়ে অব্যাহত থাকবে।

যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী খাল পরিদর্শনকালে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন