আদাবরে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে যুবকের কব্জি বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার

আদাবরে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে যুবকের কব্জি বিচ্ছিন্ন

রাজধানীর আদাবরে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সুমন শেখ (২৬) নামে এক যুবককে। বৃহস্পতিবার বিকেলে আদাবরের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবকের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ১৫ হাজার টাকা ও ১টি মুঠোফোন ছিনিয়ে নেয়।

আহত সুমন শেখ জানান, দারুসসালামের আনসার ক্যাম্প এলাকায় থাকেন। পেশায় রাজমিস্ত্রি। সকালে আদাবর ১০ নম্বর এলাকায় তার ফুফুর বাসায় যান তিনি। পরে ফুফুর বাসা থেকে বের হয়ে দারুসসালামে আসার পথে আদাবর বালুর মাঠ এলাকায় পৌঁছালে ‘টুন্ডা বাবু’সহ ৫/৬ জন তার কাছ থেকে মোবাইল কেড়ে নিতে চায়। ওই সময় বাধা দিলে তারা চাপাতি দিয়ে তার হাতে আঘাত করে। এতে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

বিজ্ঞাপন

সুমনকে হাসপাতালে নিয়ে আসা মো. লিটন জানান, আদাবরের বালুর মাঠ এলাকায় হাত চেপে ধরে কান্নাকাটি করছিল সুমন। পরে কাছে গিয়ে দেখতে পাই তার বাম হাতের কবজি কেটে ফেলা হয়েছে। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখান সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

সুমনের দাবি, মুঠোফোন ছিনিয়ে নেওয়া কাউকেই তিনি আগে থেকে চিনতেন না। তবে ঘটনার সময় একজনের মুখে ‘টুন্ডা বাবুর’ নাম শুনতে পান।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, আদাবর এলাকা থেকে ওই যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন