আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুরোনো ঢাকায় এসি সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ তিনজনের একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

পুরোনো ঢাকায় এসি সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ তিনজনের একজনের মৃত্যু

রাজধানীর পুরোনো ঢাকার নারিন্দা কাঁচাবাজার এলাকায় এয়ার কন্ডিশনারের (এসি) গ্যাসভর্তি সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে সেলিম (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সেলিমের শরীরের প্রায় ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। শুরু থেকেই তার অবস্থা সংকটজনক ছিল।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নারিন্দা কাঁচাবাজার এলাকার একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিন সদস্য—মুক্তার ব্যাপারী (৫৫), তার স্ত্রী সেলিনা বেগম (৪৫) ও ছেলে সেলিম—গুরুতর দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে মুক্তার ব্যাপারীর শরীরের ২২ শতাংশ এবং সেলিনা বেগমের ২০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মুক্তার ব্যাপারী ফ্রিজ ও এসির যন্ত্রাংশের ব্যবসার সঙ্গে জড়িত। তার বাসায় ব্যবসায়িক কিছু মালামাল রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় সংরক্ষিত এসির গ্যাসভর্তি একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একটি দেয়াল ধসে পাশের একটি টিনশেড ঘরের ওপর পড়ে। এতে ওই ঘরটির টিন ভেঙে যায় এবং ভেতরে থাকা এক নারী আহত হন। তাকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন