আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিডনিতে এশিয়ান কাপ প্রস্তুতি

আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় নারী দল

স্পোর্টস রিপোর্টার

আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় নারী দল

এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর শুরু হবে রোববার। তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু হবে আগামী ৩ মার্চ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন। এরপর গ্রুপ পর্বের ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলার অভিজ্ঞতা অর্জন করবে বাংলাদেশের মেয়েরা।

১৯৮০ সালে ইতিহাসে একবারই এশিয়ান কাপে খেলেছিল পুরুষ জাতীয় পুরুষ ফুটবল দল। দীর্ঘ বিরতির পর এশিয়ান কাপে প্রথমবারের মতো কোয়ালিফাই করল বাংলাদেশ নারী ফুটবল দলও। এই ঐতিহাসিক টুর্নামেন্টের জন্য এখন সিডনিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজেদের ভুল-ত্রুটি ঠিক করে নিচ্ছেন আফঈদা-ঋতুপর্ণারা। বিশেষ করে অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। যদিও টুর্নামেন্ট শুরুর বেশ কিছুদিন আগে অস্ট্রেলিয়া উড়ে গেছে বাংলাদেশ নারী দল।

বিজ্ঞাপন

ইতোমধ্যে স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে কোচ পিটার বাটলারের দল। তবুও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেননি ফুটবলাররা। গতকাল অস্ট্রেলিয়া থেকে বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা জানান, ‘গতকাল (শুক্রবার) রিকভারি সেশন ছিল। সেখানে সুইমিং, স্ট্রেচিং ছিল। সব মিলে ভালো হয়েছে। আজ (গতকাল) ট্রেনিং গ্রাউন্ডে সবাই ভালো করেছে। আবহাওয়ার ব্যাপারে বলতে চাই, এই রোদ এই বৃষ্টি, তারপরও আমরা চেষ্টা করছি আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে ট্রেনিং করতে। আজকে আমরা হোটেলে উঠব।’

এশিয়ান কাপ মিশনে নামার আগে দলে কোনো ইনজুরি নেই বলে জানান অনন্যা। তিনি বলেন, ‘দলে তেমন কোনো ইনজুরি নেই। ছোটখাটো যা আছে, সেটি ফিজিও রিকভারি করছেন। দলের সবাই সুস্থ আছে। সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। ট্রেনিং সবাই ভালোই করছে।’ অস্ট্রেলিয়ার ফুটবল মাঠের পরিবেশ বেশ চমৎকার। সেখানে বেশি সময় অনুশীলনের না পাওয়ার আক্ষেপ ঝরেছে নারী দলের ম্যানেজারের কণ্ঠে। অনন্যা বলেন, ‘এত সুন্দর মাঠ, সবকিছুই সুসংগঠিত। মাঠ খেলোয়াড়দেরও ভালো লাগছে অনেক। যদি ট্রেনিং সময়টা আরো বেশি থাকত তাহলে ভালো হতো। আজকে আমরা দুই ঘণ্টার জন্য মাঠ পেয়েছি। সবকিছুই ঠিক আছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন