রানা প্লাজার মামলা পরিচালনায় তদারকি কমিটি গঠনের দাবি

স্টাফ রিপোর্টার

রানা প্লাজার মামলা পরিচালনায় তদারকি কমিটি গঠনের দাবি

রানা প্লাজার মামলা পরিচালনা করার জন্য একটি সম্মিলিত তদারকি কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এক আলোচনা সভায় এই দা‌বি জানা‌নো হয়। 'রানা প্লাজা ধসের ১৩ বছর: পোশাকশিল্পে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার বর্তমান অবস্থা' শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে ইন্ডাস্ট্রিয়ল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

বিজ্ঞাপন

আলোচনা সভায় ওয়ার্কার্স রিসোর্স সেন্টারের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, রানা প্লাজা দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের মৃত্যুকে ছোট করে দেখার সুযোগ নেই। ১ হাজার ১৩৭ জন লোক মারা গেল এবং আড়াই হাজার মানুষ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু কোনো মালিক মরে না, মরে শুধু শ্রমিকেরা। শ্রমিকেরা কাজ করতে যায়, কিন্তু ফিরে আসে লাশ হয়ে।

রুহুল আমিন বলেন, রানা প্লাজার মামলা পরিচালনায় একটা সম্মিলিত তদারকি কমিটি গঠন করা হোক। দ্রুত এই মামলা শেষ করার জন্য এই কমিটি গঠন করা প্রয়োজন।

আইবিসির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের অতিদ্রুত একটি তদারকি কমিটি গঠন করতে হবে। ফ্যাক্টরি কিংবা গার্মেন্টসে শ্রমিকেরা আসার পর যাতে মৃত্যুবরণ না করে, সে ব্যবস্থা করতে হবে।

এ সময় ফেডারেশন অব গার্মেন্টস্ ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক এবং ইন্ডাস্ট্রিয়ল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) নারীবিষয়ক সম্পাদক চায়না রহমান রানা প্লাজার মালিক রানাসহ

তার সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।

আইবিসির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও অন্যান্য শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন