সারা দিন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন। তবে সন্ধ্যার পর ফলাফল প্রকাশের অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে অর্থাৎ দোয়েল চত্বর, শাহবাগ, নিউমার্কেট, নীলক্ষেত এলাকায় অবস্থান নিয়েছে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এতে ক্যাম্পাস এলাকায় যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সরেজমিনে ও খোঁজ নিয়ে জানা গেছে, রাত বাড়লেও কমছে না বিএনপি-জামায়াত কর্মীদের উপস্থিতি। পলাশীর মোড়ের বুয়েটের বাজারের আসপাশে এখনও ২ শতাধিক মানুষের উপস্থিতি রয়েছে। এদিকে বুয়েটের ৬ নম্বর গেটের সামনের সড়কে প্রায় হাজার মানুষের উপস্থিতি দেখা যায়।

এরই মধ্যে ঢাকসু নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল করেন তারা।
ডাকসু নির্বাচনের পর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ফলাফল ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা সদস্যরা।
তিনি বলেন, সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে। এ ছাড়া, সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

