রাজধানীর কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে সহকর্মীদের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে নিহত হয়েছেন নির্মাণশ্রমিক শাকিব (৩৫)। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাহাদিনগরের ১৮ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
সহকর্মীদের তথ্য অনুযায়ী, সকালে কাজ চলাকালে জাহাঙ্গীর ও ইয়াসিন নামে দুই শ্রমিকের মধ্যে কাজের বিষয় নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান শাকিব। কিন্তু ধস্তাধস্তির মধ্যে কিল-ঘুষির আঘাতে তিনি মেঝেতে পড়ে অচেতন হয়ে যান। অচেতন অবস্থায় সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৯টা ২০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আসা সহকর্মী মুনছুর আলী জানান, শাকিব কোনো পক্ষের সঙ্গে বিরোধে জড়িত ছিলেন না। বরং দুই সহকর্মীর সংঘর্ষ থামানোর চেষ্টা করতে গিয়েই তিনি আহত হন। তার অপ্রত্যাশিত মৃত্যুতে কর্মস্থলে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। নিহত শাকিবের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকার ভাটিরটেক গ্রামে। তিনি বর্তমানে কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। মারামারির পেছনের কারণ এবং মৃত্যুর জন্য কারও দায় রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

