ডেসকো মোবাইল কোর্ট কর্তৃক বিহারিদের নামে মনগড়া মামলা বন্ধের দাবিতে মিরপুরে মিছিল করেছে বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএস)। ডেসকো কর্তৃক দায়েরকৃত মনগড়া তিনটি মামলা প্রত্যাহার ও ডেসকোর কোর্ট পুরান ঢাকার আদালত পাড়ায় স্থানান্তরের দাবিতে বিহারীরা রাজধানীর মিরপুরে এই মিছিল কর্মসূচি পালন করে।
গত ২৮ এপ্রিল ডেসকোর মোবাইল কোর্ট পল্লবীর তালাব বিহারী ক্যাম্পের পাঁচজনকে একই জায়গায় তিনটি পৃথক মামলা ও ২৮ লাখ টাকা জরিমানা করায় বিহারী ক্যাম্পে উত্তেজনা দেখা দেয়।
মিছিলটি মিরপুর ১১ নম্বরের তালাব ক্যাম্প থেকে শুরু হয়ে মিল্লাত ক্যাম্প, উল্টো বাবা মাজার ও কালশী রোড হয়ে পূরবী সিনেমা হলের পাশে অবস্থিত ডেসকো পল্লবী জোনের অফিসের সামনে সমাবেশে মিলিত হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিবিআরএস-এর পল্লবী থানা শাখার সাংগঠনিক সম্পাদক বিহারী নেতা মাহতাব ভাসানী। প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশের (ন্যাপ বাংলাদেশ) মহাসচিব নেয়াজ আহমদ খান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিআরএস-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ জাহিদ।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আইন প্রয়োগের নামে ডেসকো এখন মোবাইল কোর্ট ব্যবসা শুরু করেছে!” তিনি মোবাইল কোর্টের যথেচ্ছ ব্যবহার বন্ধের দাবি জানান। যেখানে মিটার লাগানো আছে, সেখানে হুকিংয়ের অভিযোগ চরম অসততা উল্লেখ করে প্রধান অতিথি অভিযোগ করেন, ডেসকো ভূমিদস্যুদের স্বার্থে কাজ করছে। সমাবেশে তিনি আরও বলেন, “বিহারী ক্যাম্পের জায়গায় সকলেরই বদনজর পড়েছে! মামলা দিয়ে নিরীহ বিহারীদের উৎখাত করতে চায় সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র।”
ন্যাপ নেতা যুক্তি তুলে ধরে বলেন, ডেসকোর কোর্ট পুরান ঢাকার আদালত পাড়ায় গেলে মানুষ উপকৃত হবে এবং মনোপলি ব্যবসা বন্ধ হবে। ডেসকোর কোর্টে ৭-৮ জনের বেশি উকিল থাকেন না, এতে বিচারপ্রার্থীরা ব্যাপক হয়রানির শিকার হন। ন্যাপ বাংলাদেশের মহাসচিব আদালত অঙ্গনের সকল দুর্নীতির মূলোৎপাটনের দাবি জানান। এ ক্ষেত্রে আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সমাবেশ থেকে সরকারের নিকট ১০ দফা দাবি উত্থাপন করা হয়। যার মধ্যে রয়েছে ডেসকো আদালতকে কোর্ট হাউস স্ট্রিট বা আদালত পাড়ায় স্থানান্তর, বিচারিক নিরপেক্ষতা বজায় রাখা ইত্যাদি।
মিছিলে স্লোগানসংবলিত কয়েকটি প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল, যার মধ্যে ছিল—"ডেসকোর মূলনীতি দুর্নীতি দুর্নীতি”, “ডেসকোর মিথ্যা মামলা তুলে নাও, নিতে হবে”, “মোবাইল কোর্টের অপব্যবহার বন্ধ কর, রুখে দাঁড়াও”, “ভূমিদস্যুদের ঠিকানা মিরপুরে হবে না”।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফয়সাল, আলা নুর, ইব্রাহিম চান, জাবেদ রহমান, আরমান দিল্লীওয়ালা, আনিসুর রহমান বেচু, শামসুদ্দিন মুন্না প্রমুখ। মিছিলকারীরা প্রশাসনের কাছে দ্রুত ও উপযুক্ত প্রতিকারের আহ্বান জানান এবং আইনজীবীদের মাধ্যমে বিহারিদের হয়রানি বন্ধের দাবি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

