রাজধানীর মিরপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার বেলা দেড়টার দিকে মিরপুর-১১ নম্বরের প্রধান সড়ক অবরোধ করেন তারা।
এস এম ফ্যাশন কারখানার শ্রমিকদের অবরোধে মিরপুর-১১ নম্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, এস এম ফ্যাশন কারখানার শ্রমিকদের গত জানুয়ারি মাসের বেতন–ভাতা গতকাল সোমবার পরিশোধ করার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মালিকপক্ষ বেতন–ভাতা পরিশোধ করেনি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আজ সড়কে নেমে বিক্ষোভ করছেন।
অবশ্য পুলিশের মধ্যস্থতায় বেলা ৩টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।
পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমকে বলেন, ‘আগামী বৃহস্পতিবার তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করবে বলে জানিয়েছে মালিকপক্ষ। আমাদের উপস্থিতিতে শ্রমিক নেতা ও মালিক পক্ষ আলোচনা করেছেন। মালিকপক্ষের আশ্বাসের পর তারা সড়ক ছেড়ে চলে যান, পরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

