রাজধানীতে সাংবাদিক রেদওয়ানুল হক ও এ জেড ভূঁইয়া আনাসের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। শনিবার রাত সাড়ে ৮টায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি ভবনের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রেদওয়ানুল জানান, তিনি ও আনাস ভবনটির নিচে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় আলম নামে এক ব্যক্তি সেখানে আসেন এবং তাদের সেখান থেকে সরে যেতে বলেন। তারা সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে তাদের ওপর সেই ব্যক্তি চড়াও হন। এরপর আরও আট থেকে ১০ জন এসে তাদের ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এ ঘটনায় তিনি হাতে, মাথায়, পিঠে আঘাত পেয়েছেন। তবে এখনও হাসপাতালে যেতে পারেননি।
ঘটনার বিষয়টি থানা পুলিশকে জানিয়েছেন তিনি। ঘটনাস্থলে মতিঝিল থানার দুজন সদস্য পৌঁছেছেন। কিন্তু সন্ত্রাসীরা ১০ থেকে ১২ জন হওয়ায় এখনও কাউকে তারা আটক করতে পারেননি।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, আমি ঘটনাটা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রয়োজনে আরো ফোর্স পাঠানো হচ্ছে।
স্থানীয়রা জানান, আলম একজন এলাকার সন্ত্রাসী। তিনি এলাকায় বিভিন্ন অপরাধ করে থাকেন। ক্ষমতার দাপট দেখাতে তিনি সেখান থেকে তাদের সরে যেতে বলেন এবং তারা সরে যেতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

