বন্ধুকে খুনের পর মাটিতে পুঁতে সিমেন্ট ঢালাই

বন্ধুকে খুনের পর মাটিতে 
পুঁতে সিমেন্ট ঢালাই

নিখোঁজের তিন দিন পর এক ব্যবসায়ীর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর লালবাগের বিসি দাস স্ট্রিটের ২৬ নম্বর রোডের পাঁচতলা ভবনের পাশের একটি স্থানের মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত শেখ ওয়াসিম রনি (৪৩) একজন আবাসন ব্যবসায়ী। এ ঘটনায় নিহত ব্যবসায়ীর বন্ধু মোহাম্মদ মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, সুদের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রনিকে খুন করে লাশ নিজের বাসার নিচে থাকা কারখানার পাশে একটি জায়গায় পুঁতে ওপরে সিমেন্ট দিয়ে ঢালাই করে রেখেছিলেন মাসুম। তিনি হত্যার কথা স্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ ওয়াসিম রনি আবাসন ব্যবসার পাশাপাশি সুদের কারবার করতেন। আট মাস আগে মাসুম তার কাছ থেকে মাসে ৩৫ হাজার টাকা সুদে তিন লাখ টাকা নেন। তবে নিয়মিত টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ চলছিল।

গত মঙ্গলবার দুপুরে পাওনা টাকা ও জামানতের চেক আনতে মাসুমের পাইকারি কারখানায় যান রনি। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। মাসুমের ঘুসিতে রনি অচেতন হয়ে মাটিতে পড়ে গেলে তাকে নির্মমভাবে হত্যা করেন তিনি। এরপর লাশ আড়াল করতে কারখানার নিচতলার বারান্দার পাশে গর্ত করে রনিকে মাটিচাপা দেন এবং তার ওপর সিমেন্টের ঢালাই দিয়ে দেন।

নিহতের শ্যালক মুরাদ হোসেন জানান, ৮ সেপ্টেম্বর দুপুরের পর থেকেই রনির মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের বিষয়ে মাসুমের বাড়িতে গিয়ে খোঁজ নিলে তার স্ত্রী জানান, রনি বাসায় এলেও কিছুক্ষণ পর চলে গেছেন। পরবর্তীতে পুলিশের তদন্তে মূল তথ্য বেরিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, নিখোঁজের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। প্রাপ্ত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানের বারান্দার মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং এর পেছনে আরো কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন