সেমিনারে বক্তারা

সাশ্রয়ী ইন্টারনেটের জন্য আন্তর্জাতিক ব্যান্ডউইথে প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ

সাশ্রয়ী ইন্টারনেটের জন্য আন্তর্জাতিক ব্যান্ডউইথে প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ

দেশে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করতে আন্তর্জাতিক ব্যান্ডউইথ অবকাঠামোয় প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। সংশ্লিষ্টতা বলছে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-নির্ভর আন্তর্জাতিক সংযোগ অবকাঠামোর কারণে বাজারে কাঙ্ক্ষিত প্রতিযোগিতা তৈরি হচ্ছে না। এতে ইন্টারনেটের দাম কমানো ও সেবার মান উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘সবার জন্য সাশ্রয়ী ইন্টারনেট ও টেক জায়ান্টদের বাংলাদেশে বিনিয়োগ: বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনার বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বিএসসিপিএলসি সি-মি-উই-৪ ও সি-মি-উই-৫—দুটি সাবমেরিন ক্যাবলে মোট ৮১৯ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করেছে। ২০০৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির রাজস্ব ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এ সময়ে নিট মুনাফা হয়েছে ১ হাজার ৩৬২ কোটি টাকার বেশি। ২০০৬ সালে বিটিসিএল এক এমবিপিএস ব্যান্ডউইথ ৭৫ হাজার টাকায় বিক্রি করত। পরবর্তী সময়ে বিএসসিপিএলসি ব্যান্ডউইথ বিক্রি শুরু করে। ২০১৬ সালে এক এমবিপিএস ব্যান্ডউইথের দাম কমে ৫০০ টাকায় নামে। বর্তমানে তা ১২০ টাকা। বেসরকারি সাবমেরিন ক্যাবল চালু করে প্রতিযোগিতা নিশ্চিত করা গেলে ২০২৭ সালে এক এমবিপিএস ব্যান্ডউইথের দাম ৬০ থেকে ৭০ টাকায় নামিয়ে আনা সম্ভব হতে পারে।

সেমিনারে আরো জানানো হয়, বর্তমানে বাংলাদেশ প্রায় ১৩ হাজার ৫০০ জিবিপিএস আন্তর্জাতিক ব্যান্ডউইথ ব্যবহার করছে। বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সেবা ও অবকাঠামোর সঙ্গে আন্তর্জাতিক সংযোগের সরাসরি সম্পর্ক রয়েছে। তবে আন্তর্জাতিক সংযোগের সীমাবদ্ধতা, বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতার ঘাটতি, অনুকূল নীতিমালার অভাব এবং বিএসসিপিএলসিনির্ভর অবকাঠামোর কারণে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও হাইপারস্কেলারদের বিনিয়োগে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বলে আলোচনায় উঠে আসে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) আমিনুল হাকিম বলেন, বিএসসিপিএলসির একচেটিয়া ব্যবস্থা বহাল রেখে দেশে সাশ্রয়ী ও মানসম্মত ইন্টারনেট নিশ্চিত করা কঠিন। আন্তর্জাতিক সংযোগ অবকাঠামোয় প্রতিযোগিতা বাড়াতে হবে। বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হলে ব্যান্ডউইথের বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং এর সুফল গ্রাহক পর্যায়ে পৌঁছাবে।

টিআরএনবির সভাপতি মাসুদুজ্জামান রবিনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেটাকোর সাবকম লিমিটেডের প্রকল্প প্রধান মাহমুদ শাহেদ ও আইএসপিএবির কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সভাপতি সমীর কুমার দে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন