জুলাই গণহত্যায় জড়িত পুলিশের তালিকা প্রকাশসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি

ঢাবি সংবাদদাতা

জুলাই গণহত্যায় জড়িত পুলিশের তালিকা প্রকাশসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি

জুলাই গণহত্যায় পুলিশের যেসকল সদস্য সরাসরি জড়িত ছিলো তাদের তালিকা প্রকাশ করে দ্রুত গ্রেপ্তার করা, পুলিশে ছাত্রলীগের ক্যাডারদের বাধ্যতামূলক অবসরে পাঠানোসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার বেলা সাড়ে চারটায় পুলিশ হেডকোয়ার্টারে এই স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি। পুলিশের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন রমনা জোনের ডিসি মাসুদ আলম।

বিজ্ঞাপন

এসময় পুলিশ ইনকিলাব মঞ্চকে আগামীকাল শনিবার বিকেলের মধ্যে পাঁচ দফা দাবির বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের কাছে আলোচনা করার আশ্বাস দেন।

এর আগে বেলা সাড়ে তিনটায় শাহবাগ থানার সামনে থেকে পাঁচ দফা দাবিতে পুলিশের হেডকোয়ার্টার ঘেরাওয়ের উদ্দেশ্যে 'জনতার জুলাই যাত্রা' করে সংগঠনটি। পদযাত্রাটি শাহবাগ থানার সামনে থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর দিয়ে হাইকোর্টের সামনে দিয়ে পুলিশের হেডকোয়ার্টারে যায়।

পদযাত্রায় সংগঠনের নেতাকর্মীরা 'পুলিশ, আমলা স্বৈরাচার; খুনি হাসিনার তাবেদার', 'ফ্যাসিবাদের পুলিশগিরি, নতুন দেশে চলবে না', 'খুনি হাসিনার হাতিয়ার, পুলিশ তুই ছবক ছাড়' প্রভৃতি স্লোগান দেন।

এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে। এর আগেও পুলিশ বিনা কারণে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে বাড়ি থেকে ছাত্রজনতাকে তুলে নিয়ে যেতো। কিন্তু সেই পুলিশই যখন প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, যেটার প্রমাণ আছে - তাদের গ্রেফতার করার কথা বললে আমাদের কাছে প্রমাণ খোঁজে। এর থেকে লজ্জাজনক আর কী হতে পারে!

তিনি আরো বলেন, আমরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে গেলে সমস্যা, আর হত্যাকারীরা সেখানে থাকলে কোনো সমস্যা নাই? আমরা চাই দ্রুত তাদের তালিকা প্রকাশ করে গ্রেফতার করা হোক।

ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য কামরুজ্জামান বলেন, যেসকল পুলিশ সদস্য গণহত্যার সাথে জড়িত পুলিশ সদস্যদের তালিকা এখনো প্রকাশিত হয়নি। সরকার আশ্বাস দিলেও এ বিষয়ে কাজের কোনো অগ্রগতি হচ্ছে না। যত দ্রুত সম্ভব তাদের তালিকা প্রকাশ করা, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করাসহ বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জানান তিনি।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক নুর মোহাম্মদ বলেন, পুলিশকে শেখ হাসিনা 'পুলিশলীগ'-এ পরিণত করেছে। আমরা চাই পুলিশ প্রশাসনকে সংস্কার করা হোক। এসময় হত্যাকারী পুলিশদের বরখাস্ত করাসহ আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।

ইনকিলাব মঞ্চের পাঁচ দফা দাবি হলো-

জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সকল পুলিশকে অতিদ্রুত গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনা; জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিরদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যে সকল পুলিশ কর্মকর্তা জড়িত, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা; পুলিশে ছাত্রলীগের সকল ক্যাডারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো; জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলিকৃত পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করা এবং দেশের সার্বভৌমত্বের স্বার্থে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদেরকে পার্বত্য চট্টগ্রামে বদলি করা বন্ধ করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন