ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, যেভাবে মিলল নিহতের পরিচয়

ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, যেভাবে মিলল নিহতের পরিচয়

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অচেতন এক ব্যক্তিকে নিয়ে এসে রেখে কৌশলে পালিয়ে গেছেন দুই যুবক। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম সবুজ মল্লিক (৫০)। তার বাড়ি জামালপুর সদর উপজেলায়।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দুই যুবক অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের ট্রলিতে করে জরুরি বিভাগে নিয়ে আসেন। তাদের মধ্যে একজন টিকিট কাটতে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় হাসপাতালের কর্মীরা সঙ্গে থাকা অপর যুবককে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। পরে ওই যুবকও তাকে খুঁজতে যাওয়ার কথা বলে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান।

পরে ওই ব্যক্তিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে শুক্রবার পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও আকাশি রঙের শার্ট।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি জানান, মৃত ব্যক্তির পকেটে থাকা মানিব্যাগ, কয়েকটি ভিজিটিং কার্ড ও চশমার দোকানের একটি রসিদের সূত্র ধরে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। পরে ওই চশমার দোকানে মৃত ব্যক্তির ছবি পাঠানো হলে দোকানসংশ্লিষ্ট ব্যক্তি ছবিটি ফেসবুকে প্রকাশ করেন। এর মাধ্যমে তার স্বজনদের সন্ধান পাওয়া যায়। পরে তাদের খবর দেওয়া হয়।

মুঠোফোনে মৃত ব্যক্তির ছেলে তামিম জানান, তার বাবার নাম সবুজ মল্লিক। তার দাদার নাম আমজাদ মল্লিক। তাদের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়। সবুজ মল্লিক ধামরাই এলাকায় প্রতীক সিরামিক কোম্পানির ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানেই বসবাস করতেন।

তবে শুক্রবার কী ঘটেছিল, তিনি কোথায় গিয়েছিলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে স্বজনেরা এখনো কিছু জানেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন