জাপান, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশে প্রতি লাখে অন্তত ৫০ জন ফিজিওথেরাপিস্ট থাকলেও বাংলাদেশে এই হার তিন থেকে চারজন। এতে করে বহু রোগী পুনর্বাসন না পেয়ে ঝুঁকিপূর্ণ চিকিৎসার দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্থানীয় পর্যায়ে ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিলে এই সংকট অনেকটা কেটে যাবে বলেও মত দিয়েছেন তারা।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশ আয়োজিত ‘স্বাস্থ্যসেবা উন্নয়নে ফিজিওথেরাপিস্টদের অন্তর্ভুক্তি কেন গুরুত্বপূর্ণ’ শীর্ষক অংশীজন সভায় দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
সবায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে জানানো হয়, ফিজিওথেরাপির অভাব বিশ্বব্যাপী চ্যালেঞ্জের। উন্নত দেশে যেমন জাপান, অস্ট্রেলিয়া, কানাডা—প্রতি ১ লাখের জনের জন্য ৫০ থেকে ৬০ জন ফিজিওথেরাপিস্ট থাকে। বাংলাদেশে এই সংখ্যা প্রায় তিন থেকে চারজন মাত্র। এর ফলে, দেশে বহু রোগী পুনর্বাসন না পেয়ে ঝুঁকিপূর্ণ চিকিৎসার দিকে ঝুঁকছে।
বক্তারা বলেন, সমন্বিত ও বৈজ্ঞানিকভাবে পরিকল্পিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফিজিওথেরাপিস্টদের স্বীকৃতি, সরকারি নিয়োগ, প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ অবিলম্বে প্রয়োজন। তাদের মতে, ফিজিওথেরাপি কেবল চিকিৎসার সহায়ক নয়, বরং একটি স্বতন্ত্র ও অপরিহার্য শাখা, যা সবার সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. তসলিম উদ্দিন জানান, ‘জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১৬ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছেন। এই জনগোষ্ঠীর পুনর্বাসন একা কারও পক্ষে সম্ভব নয়, সমন্বিত টিমওয়ার্ক ছাড়া। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে অতিজরুরি স্বাস্থ্যসেবায়ও ফিজিওথেরাপি উপেক্ষিত বিষয়।’
তিনি বলেন, ‘আমি একজন ডাক্তার, উনি থেরাপিস্ট। কিন্তু সমস্যাটা হলো—আমি ডাক্তার হয়েও থেরাপিস্ট হতে চাই, আবার তিনি থেরাপিস্ট হয়ে ডাক্তার হতে চান। আমরা নিজেদের পেশার সীমারেখা ঠিকভাবে বুঝতে পারিনি, এমনকি সমাজকেও বোঝাতে পারিনি।’
তসলিম উদ্দিন বলেন, “ফিজিওথেরাপিস্টদের অবশ্যই প্রথমে স্বীকৃত স্বাস্থ্যকর্মী হতে হবে। স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি ছাড়া তারা আইনগতভাবে চিকিৎসা দিতে পারবেন না। রিহ্যাবিলিটেশন কাউন্সিল স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দেয়নি, ফলে কার্যকর ভূমিকা নেওয়া সম্ভব হচ্ছে না।’
বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘টারশিয়ারি লেভেলে ফিজিওথেরাপিস্ট, অকুপেশন থেরাপিস্টসহ মাল্টিডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি এপ্রোচে কাজ করা সম্ভব। কিন্তু বাস্তবে সক্ষমতা পুরোপুরি তৈরি হয়নি। প্রতিবছর ৮–৯ শ’ ফিজিওথেরাপিস্ট বের হলেও দেশে বর্তমানে মাত্র ৬ হাজারের বেশি ফিজিওথেরাপিস্ট আছেন। যদি প্রতিটি উপজেলা পর্যায়ে ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়া যায়, সেবা সারাদেশে পৌঁছাবে। আজ পৃথিবী অনেক দূরে এগিয়েছে। শুধু শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্যকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন নতুন আইডিয়া আসছে, আমাদেরও সেগুলোর দিকে এগোতে হবে। উদাহরণস্বরূপ, সিআরপিতে (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড) এখনো তিনজন মেডিসিন স্পেশালিস্ট স্ট্রোক রোগীর চিকিৎসা করছেন, চার-পাঁচজন ডাক্তার সার্জারি করছেন। যদি উপজেলা পর্যায়ে এসব সেবা থাকতো, রোগীদের ঢাকায় আসতে হতো না। আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে—এটি মাথায় রাখতে হবে।”
তিনি আরও বলেন,‘বাংলাদেশের অর্থে আমরা পড়াশোনা করছি, তাহলে সমাজকে কী দিচ্ছি সেটিও ভাবতে হবে। আমাদের লক্ষ্য হলো ফিজিওথেরাপি সার্ভিসকে সারাদেশে, বিশেষ করে সরকারি পর্যায়ে, অন্তর্ভুক্ত করা। এই লক্ষ্য অর্জনে অনেক ঘাত-প্রতিঘাত আসবে, তবুও আমাদের এগিয়ে যেতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল হামিদ বলেন, ‘ফিজিওথেরাপিস্টের প্রয়োজন দিন দিন বাড়ছে। জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসনেও ফিজিওথেরাপি অপরিহার্য। এক্সিডেন্ট-ইমারজেন্সি—বিভিন্ন কারণে ফিজিওথেরাপি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবা আসলে টিমওয়ার্ক। যেখানে বিভিন্ন স্কিলের মানুষ থাকবেন এবং যার যা দায়িত্ব, তিনি তা পালন করবেন। ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপিক্যাল অ্যাসেসমেন্ট করবেন, আর মেডিসিন ডাক্তার মেডিসিন অ্যাসেসমেন্ট করবেন। এভাবে একত্রে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘দেশে দুটি গুরুত্বপূর্ণ কাউন্সিল আছে, বিএমডিসি এবং বাংলাদেশ রিহ্যাব কাউন্সিল। উভয়কে কেন্দ্র করে কিভাবে সমন্বিতভাবে কাজ করা যায়, সেটি আলোচনা করা হচ্ছে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে আমরা আরও অগ্রসর হতে পারব। মানুষ ভয়াবহভাবে কষ্ট পাচ্ছে। দেশে ফিজিওথেরাপিস্টও আছে, ফিজিক্যাল মেডিসিনও আছে, আবার মেডিকেল টেকনোলজিস্টও আছে। কিন্তু সমন্বয় না থাকার কারণে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি পাচ্ছি না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

